Home 1stpage কলকাতায় চলন্ত ট্যাক্সিতে কিশোরীকে গণধর্ষণ!

কলকাতায় চলন্ত ট্যাক্সিতে কিশোরীকে গণধর্ষণ!

65
0

ইউরোবিডি২৪নিউজঃ কলকাতায় এবার চলন্ত ট্যাক্সিতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ফুটপাথবাসী ১৩ বছরের এক কিশোরীকে চলন্ত ট্যাক্সিতে রাতভর ধর্ষণ করে দুই দুর্বৃত্ত।

পুলিশ জানিয়েছে, কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রীটে রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পার্ক স্ট্রীট সংলগ্ন একটি রাস্তা থেকে ওই কিশোরীকে ট্যাক্সিতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে যে দুজন – তাদের একজন কিশোরীটির পরিচিত।

ফুটপাথবাসিনী ওই মেয়েটি যখন রোববার রাতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার রাত্রি-আবাসে ঘুমোতে যাচ্ছিল, তখনই খাবার দেওয়ার নাম করে তাকে ট্যাক্সিতে তুলে নেয় এক যুবক। তারপরে সে এবং ট্যাক্সিতে থাকা আরেক যুবক রাতভর অত্যাচার চালায়।

সোমবার দিনের বেলা থানায় অভিযোগ জানানোর পরে রাতে গ্রেফতার করা হয় একজনকে। অন্য যুবক বা ট্যাক্সির খোঁজ এখনও পাওয়া যায় নি।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পল্লবকান্তি ঘোষ বলছেন কিশোরীটির মেডিক্যাল টেস্ট হয়েছে এবং শিশু-কিশোর সুরক্ষা কমিটি বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নিজেদের হেফাজতে রেখেছে তাকে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে এই পার্ক স্ট্রীট এলাকাতেই সুজেট জর্ডন নামের এক মধ্যবয়সী মহিলাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়েছিল। এই ঘটনা নিয়ে গোটা রাজ্যে তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল রাত পাহারার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নজর এড়িয়ে কীভাবে চলন্ত গাড়িতে একজন গণধর্ষিতা হলেন।

এখন বড়দিন ও নববর্ষের উৎসবের মূল কেন্দ্র যেহেতু পার্ক স্ট্রীট এলাকা – তাই সেখানে রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেও রোববার কীভাবে গণধর্ষণ চলল একটি ট্যাক্সিতে – কী করছিল পুলিশ, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

সূত্রঃ বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here