ইউরোবিডি২৪নিউজঃ ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনিকে দু’বছরের জন্য সব ধরনের সরকারি কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ইতালির একটি আদালত। কর জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত তার বিরুদ্ধে গতকাল এ রায় দিয়েছেন। তবে বেরলুসকোনি সিনেটের উচ্চ কক্ষের সদস্য হওয়ার কারণে এ রায় কার্যকর করতে সিনেটের অনুমোদন লাগবে। আগামী মাসে সিনেটে ভোটের মাধ্যমে তার বহিষ্কারাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। সিনেটে বেরলুসকোনি বিরোধী বাম এবং পাঁচ তারকা আন্দোলনকারীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে তাকে নিষিদ্ধ করার পক্ষে ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে। ৭৬ বছর বয়সী বেরলুসকোনিকে সরকারি পদের জন্য ছয় বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। কারণ সিনেটের উচ্চকক্ষে আলাদা একটি আইনের ভিত্তিতে ভোট গ্রহণ করা হবে। সিনেটে আসন হারালে পার্লামেন্টের সদস্য হিসেবে গ্রেপ্তার এড়ানোর যে সুবিধা পাচ্ছেন সেটা থেকে তিনি বঞ্চিত হবেন। আইনজীবীরা বেরলুসকোনিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার দাবি করেছিলেন। মিলানের কালকের রায় তাদের দাবিরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বেরলুসকোনির আইনজীবীরা এক বছরের নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাদের আবেদনে সাড়া দেননি। সিনেট থেকে তাকে বহিষ্কার করা হলে তাকে হয় গৃহবন্দি বা কমিউনিটি সার্ভিসের মাধ্যমে সময় কাটাতে হবে।






















