Home 1stpage ‘এবার আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন’

‘এবার আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন’

66
0

আন্তর্জাতিক: পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে টোকিওর সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্বে নাক না গলাতে আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

 জাপানের সঙ্গে চীনের দ্বন্দ্বে টোকিওকে একপেশে সহায়তা দেয়া ও নিরপেক্ষ না থাকার বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছে বেইজিং।

 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, দ্বীপের মালিকানা সংক্রান্ত চীন-জাপান বিরোধে মার্কিন সরকারের নিরপেক্ষ থাকা উচিত।

 আমেরিকার উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস সম্প্রতি এক বিবৃতিতে বিতর্কিত ওই দ্বীপগুলোর ওপর জাপানের মালিকানার দাবিকে সমর্থন জানিয়েছেন।

 এর আগে গত পরশু (বুধবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুং লি দিয়াইয়ু দ্বীপপুঞ্জকে চীনের মালিকানাধীন বলে উল্লেখ করেছেন।

 জাপান এই দ্বীপগুলোকে সেনকাকু দ্বীপপুঞ্জ  বলে উল্লেখ করে থাকে। দেশটি ১৮৯৫ সালে এ দ্বীপপুঞ্জকে নিজ সীমানার অন্তর্ভুক্ত করে নিলেও বেইজিং বলছে, ওই এলাকা শত শত বছর ধরে চীনের অন্তর্ভুক্ত ছিল এবং জাপান তা অবৈধভাবে দখল করেছে।

 কোনো কোনো বিশ্লেষক বলছেন, আমেরিকা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের কৌশলগত সামরিক উপস্থিতিকে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নের জন্যই চীন-জাপান বিরোধকে উস্কে দেয়ার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here