Home 1stpage আশুরার চেতনা ধারণ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: খালেদা জিয়া

আশুরার চেতনা ধারণ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: খালেদা জিয়া

65
0

6f4f8c532f4d64b251970f6fae154145_XLদেশের খবর: বাংলাদেশে বর্তমান সরকারের অন্যায়, অবিচার, অনাচার আর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 (শুক্রবার) দুপুরে পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহবান জানান। আশুরাকে সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে, খালেদা জিয়া তার বাণীতে বলেন, “১০ মহররম মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিল এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।”

 তিনি বলেন, “অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। মহানবী (সা.)ও অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য, গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা’।

 তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় বয়ে চলছে। এ দেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গেছে। ক্ষমতাসীন জবরদখলকারীরা জনগণের ওপর চালাচ্ছে সীমাহীন জুলুম। জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে; স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

 ১০ মহররম সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় একটি দিন উল্লেখ করে, শহীদ হযরত ইমাম হোসেন ও তাঁর পরিবারের সদস্য এবং কারবালার সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারপার্সন।

 মহররম উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। সেইসঙ্গে, শনিবার বাদ জোহর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here