ই‌উরো বিডি 24 নিউজ

গাদ্দাফি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চাইলেন স্ত্রী সাফিয়া

ইউরোবিডি২৪নিউজঃ লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তার স্ত্রী সাফিয়া ফারকাশ। ভয়েস অব রাশিয়াকে দেয়া এক চিঠিতে তিনি এ দাবি করেন।

সাফিয়া ফারকাশ লিবিয়ার ওপর ন্যাটোর হামলাকে আগ্রাসন বলে উল্লেখ করেছেন। এছাড়া, তার স্বামী মুয়াম্মার গাদ্দাফিকে শহীদ আখ্যায়িত করে বলেছেন, ‘ন্যাটোর আগ্রাসনের কারণে লিবিয়া গোলযোগের ভূমিতে পরিণত হয়েছে।’
২০১১ সালের ২০ অক্টোবর গাদ্দাফি হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেছেন, “ন্যাটোর বিমান থেকে লিবিয় নেতার বহরের ওপর বোমা হামলা চালানো হয়; সে সময় তার সঙ্গে ছিলেন আমার ছেলে ও বেশকিছু লোক। বোমা হামলার পর আহত দেহগুলোকে একদল লোক কসাইয়ের মতো ক্ষতবিক্ষত করে যাদেরকে আমি ক্রিমিনাল ছাড়া অন্য কিছু বলতে পারছি না।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাফিয়া ফারকাশ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইউরোপীয় ইউনিয়নসহ যারা এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে অবশ্যই বলতে হবে এসব শহীদের মৃতদেহ কোথায় এবং তাদের আত্মীয়-স্বজনকে সঠিক উপায়ে তাদের দাফনের ব্যবস্থা করার সুযোগ দিতে হবে।
পাশাপাশি গাদ্দাফি হত্যার ঘটনা তদন্তের জন্য সাফিয়া ফারকাশ আফ্রিকান ইউনিয়নের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। বড় ছেলে সাইফুল ইসলামের পাশে দাঁড়াতেও তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সাফিয়া এ চিঠি দিয়েছেন মূলত তার বোন ফাতিমার সাহায্যে এবং ভয়েস অব রাশিয়া চিঠিকে পুরো বিশ্বের জন্য একটি ঘোষণা বলে মন্তব্য করেছে।

Exit mobile version