
১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে কথা বলার জনপ্রিয় সেবা স্কাইপ। বিনামূল্যে ভিডিও কল করা, ভয়েস কল ও এসএমএস পাঠানোর সুবিধাযুক্ত স্কাইপ যাত্রা শুরুর পর থেকেই ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে প্রতিদিন ৩০ কোটি ব্যবহারকারী ২০০ কোটি মিনিট কথা বলেন স্কাইপ ব্যবহারের মাধ্যমে। স্কাইপ টেকনোলজিসের তৈরি স্কাইপ সফটওয়্যারটি ২০১১ সালে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্কাইপে থ্রিডি ভিডিও কল করার সুবিধা চালু হলে ভবিষ্যতে আরো জনপ্রিয় হবে স্কাইপ। দ্রুতগতির ইন্টারনেট, থ্রিডি ক্যামেরা ও থ্রিডি-স্ক্রিনের সাহায্যেই কেবল এ ধরনের ভিডিও কল করা যাবে।
