ই‌উরো বিডি 24 নিউজ

রাজ্জাক ভালো আছেন

ed751db432f08246c41b2df5fa962c8c-16বিনোদন: রোববার বিকেলে হঠাৎ গুজব ছড়ায়, নায়ক রাজ্জাক মারা গেছেন। এ গুজবের সত্যতা জানতে প্রথমে তাঁর ছোট ছেলে সম্রাটের সঙ্গে কথা হয়। সম্রাট তখন একটি টেলিছবির শুটিংয়ে ব্যস্ত। বাবার খবর জানতে চাইলে তিনি বলেন, ‘বাবা বাসায় আছেন। ভালোই আছেন।’
সন্ধ্যার পর প্রথম আলোর সঙ্গে কথা বলেন রাজ্জাক নিজেও। শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি। সবকিছুই স্বাভাবিক। চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি। বাসায় নাতি-নাতনিদের সঙ্গে সময় কেটে যাচ্ছে। সময়–সুযোগ পেলে পরিবারের সবাই মিলে ঘুরতে বের হই।’
ফোনের লাইন কেটে দেব, তখন রাজ্জাক পাল্টা জানতে চাইলেন, ‘তুমি কি আমার মারা যাওয়ার গুজব শুনে ফোন করেছ?’ এরপর কিছুটা ক্ষোভের সঙ্গে রাজ্জাক বলেন, ‘আমি যে এখনো মারা যাইনি, তা তো আমার সঙ্গে কথা বলেই বোঝা যাচ্ছে। আল্লাহ যখন নিয়ে যাওয়ার, তখন সবাইকে যেতে হবে। কে বা কারা এমন গুজব ছড়ায়, তা মাথায় আসে না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

Exit mobile version